মাগুরায় নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫০ এএম
শেয়ার করুন:
মাগুরায় নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

উৎসবমুখর ও বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার সকালে নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমে গীতা পাঠের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর দুপুরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন শেষে সেবাশ্রম প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শতাধিক মতুয়া সংঘের ভক্তরা ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে পুরো শহর মুখরিত করে তোলেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, মাগুরা কেন্দ্রীয় কালীবাড়ির সাধারণ সম্পাদক বাবু মোহন লাল রায়, জন্মাষ্টমী উদযাপন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, মাগুরা জেলা মতুয়া মিশনের সভাপতি চারণ কবি শ্রী গোরাচাঁদ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী মনোরঞ্জন সরকার এবং শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমের সভাপতি লিপিকা দত্ত।

ধর্মীয় আলোচনায় অংশ নেন নিতাই গৌর গোপাল সেবাশ্রমের মঠাধ্যক্ষ শ্রী চিন্ময়ানন্দ দাস বাবাজি মহারাজ (চঞ্চল গোসাই), বাটিকাডাঙ্গা রাধাবিনোদ সেবাশ্রমের মঠাধ্যক্ষ শ্রী ভবানন্দ দাস বাবাজি মহারাজ এবং সাহাপাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ অচ্যুত অদ্বৈত দাস ব্রহ্মচারী। 

সভা শেষে বিকেল সাড়ে তিনটায় সমবেত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এরপর বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

জেলা সদর ছাড়াও মাগুরার বাকি চার উপজেলাতেও যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।