আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬, পাঠানো হলো জেলে

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০ এএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬, পাঠানো হলো জেলে

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

আগৈলঝাড়া থানা সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাসাইল এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে হেলাল মৃধার বাড়ির উত্তর পাশের সড়ক থেকে কোটালীপাড়া থানার রামশীল গ্রামের বিপ্লব মন্ডল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। 

অন্য একটি অভিযানে, আগৈলঝাড়া থানাধীন পতিহার গ্রামের কানাই বালার বাড়ির সামনের তিন রাস্তার মোড় থেকে জাকির হোসেন (৩০) ও সজিব হোসেনকে (২৩) ১৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশ। 

এছাড়া উপজেলার পশ্চিম মোল্লাপাড়া গ্রামের ত্রিমুখী মোড়ে নুরুল ইসলামের দোকানের সামনে পৃথক আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে হৃদয় বৈদ্য (২৬), নয়ন হালদার (২৫) ও তপু বালা (২০) নামের তিনজনকে ৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, গ্রেপ্তারকৃত ছয়জনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাদের বরিশাল আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।