চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য পিয়াসের মৃত্যু: নবজাতক সন্তান রেখে না-ফেরার দেশে

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৮ এএম
শেয়ার করুন:
চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য পিয়াসের মৃত্যু: নবজাতক সন্তান রেখে না-ফেরার দেশে

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মাত্র কয়েক দিন আগেই তিনি এক ফুটফুটে সন্তানের বাবা হয়েছিলেন। নতুন অতিথিকে ঘিরে যখন পরিবারে আনন্দের বন্যা বইছিল, ঠিক তখনই নেমে এলো অন্ধকার। সদ্যোজাত সন্তানকে পৃথিবীতে রেখে বাবার এমন আকস্মিক ও অকাল প্রয়াণে পরিবার, স্বজন এবং পুরো এলাকায় শোকের মাতম চলছে।

নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল ওয়াহাবের ছেলে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে জানা গেছে, ফিল্ড ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় একটি অনাকাঙ্ক্ষিত ও আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে পিয়াসসহ দুজন সেনাসদস্য শাহাদাতবরণ করেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বোনের পর পিয়াস ছিলেন পরিবারের একমাত্র ছেলে। ছোটবেলা থেকেই তিনি শান্ত, ভদ্র ও সদালাপী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। অমায়িক ব্যবহার ও সদা হাস্যোজ্জ্বল মুখের কারণে স্বজন ও প্রতিবেশীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। চাকরির সুবাদে স্ত্রী ও পরিবার নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারেই থাকতেন তিনি। 

সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, মাত্র কয়েক দিন আগেই পিয়াসের ঘর আলো করে জন্ম নেয় তার সন্তান। নতুন বাবাকে নিয়ে যখন পরিবারের সদস্যরা নানা স্বপ্ন বুনছিলেন, তখনই এলো তার মৃত্যুর করুণ সংবাদ। বাবার স্নেহের পরশ বোঝার আগেই পিতৃহারা হলো সেই নিষ্পাপ নবজাতক। তিন বোনের একমাত্র আদরের ভাই ও সদ্য পিতা হওয়া পিয়াসের নিথর দেহের অপেক্ষায় এখন শোকে বিহ্বল স্বজনেরা।

এদিকে পিয়াসের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পুরো গ্রামে নেমে আসে গভীর শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন মা-বাবা ও স্বজনরা। তাকে শেষবারের মতো একনজর দেখতে এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের মতে, পিয়াসের মতো অমায়িক ও দেশপ্রেমিক তরুণের এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা শোক প্রকাশ করে বলেন, “দেশের সেবায় নিয়োজিত একজন সম্ভাবনাময় তরুণের এভাবে অকালে ঝরে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।