সুবর্ণচরে ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধ: গরম মাড় ঢেলে নারীকে ঝলসে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৭ এএম
শেয়ার করুন:
সুবর্ণচরে ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধ: গরম মাড় ঢেলে নারীকে ঝলসে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২

নোয়াখালীর সুবর্ণচরে ছাগলে শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে কুলছুমা (৩০) নামে এক গৃহবধূর শরীরে ফুটন্ত ভাতের মাড় ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে দগ্ধ কুলছুমা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগীর বাবা মো. জামসেদ বাদী হয়ে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এর আগে গত রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর মৃত্যুর পর কুলছুমাকে বিয়ে করেন স্থানীয় আব্দুল গনি। কিছুদিন আগে গনির আগের সংসারের ছেলে সাইফুলের একটি ছাগল কুলছুমার রোপণ করা শিমগাছ খেয়ে ফেলে। এ নিয়ে কুলছুমা প্রতিবাদ করলে সৎছেলে সাইফুল ও তার বোনদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে সাইফুল ও তার বোনেরা ক্ষিপ্ত হয়ে কুলছুমার গায়ে ফুটন্ত ভাতের মাড় ঢেলে দেয়। এতে তাঁর পিঠসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।

ঘটনার পরপরই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় অভিযুক্তরা। তারা বিষয়টি পুলিশ বা স্থানীয় কাউকে না জানিয়ে ঘটনাটি চেপে যাওয়ার জন্য কুলছুমার পরিবারকে চিকিৎসার খরচ বাবদ ৫ হাজার টাকা দেয় এবং পরবর্তীতে আরও ২০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেয়। তবে প্রতিশ্রুত টাকা না দেওয়া এবং কুলছুমার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে পুরো ঘটনাটি জানাজানি হয়ে পড়ে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, "ঘটনাটি বেশ কয়েকদিন গোপন রাখার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি জানতে পেরেই পুলিশ তৎপর হয় এবং মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি নাজমা ও আকলিমা নামে দুই নারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।