দুদকের মামলায় রোয়াংছড়ির প্রাক্তন পিআইও মিলটন দস্তিদার কারাগারে: চাকরি থেকে সাময়িক বরখাস্ত

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০০ পিএম
শেয়ার করুন:
দুদকের মামলায় রোয়াংছড়ির প্রাক্তন পিআইও মিলটন দস্তিদার কারাগারে: চাকরি থেকে সাময়িক বরখাস্ত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলটন দস্তিদারকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন এই কর্মকর্তা বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে রয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর তাঁকে কারাগারে প্রেরণের প্রেক্ষিতে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা (বিএসআর পার্ট-১-এর ৭৩ নং বিধির নোট-২) অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, রোয়াংছড়ি উপজেলায় দায়িত্ব পালনকালে উন্নয়ন প্রকল্পের প্রায় ২৪ কোটি টাকা ও খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। টেস্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন প্রকল্পের কাজ শেষ না করেই সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। 

প্রশাসনিক সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা ও জেলা কর্ণধার কমিটির সভায় অনুমোদনের প্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা হতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসকদের অনুকূলে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ধাপে নগদ অর্থ ও খাদ্যশস্য উপ-বরাদ্দ প্রদান করা হয়।

নথি অনুযায়ী রোয়াংছড়ি উপজেলায় গৃহীত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে:
কাবিখা-কাবিটা কর্মসূচি: দ্বিতীয় ধাপে নগদ ৭৭ লাখ ৪৬ হাজার ২৭৮ টাকার বিপরীতে ২৫টি প্রকল্প, ৪৬.১৬৯৯ মেট্রিক টন চালের অনুকূলে ৬টি প্রকল্প এবং সমপরিমাণ গমের বিপরীতে ৫টি প্রকল্প।
টিআর (নগদ অর্থ ও খাদ্যশস্য) কর্মসূচি: নগদ ৪৪ লাখ ২৫ হাজার ৯১২ টাকার বিপরীতে ১৬টি প্রকল্প এবং অপর ধাপে ৪৪ লাখ ৮১ হাজার ৯৮৭ টাকার বিপরীতে ১৯টি প্রকল্প। এছাড়া চাল ও গমের জন্য পৃথকভাবে ২৬.৭৩ মেট্রিক টন করে বরাদ্দের বিপরীতে ৫টি করে প্রকল্প দেওয়া হয়।

উপজেলায় এসব কর্মসূচিতে মোট নগদ অর্থ বরাদ্দ ছিল প্রায় ১ কোটি ৬৬ লাখ ৫৪ হাজার ১৭৭ টাকা এবং প্রায় ৭২.৯ মেট্রিক টন চাল ও সমপরিমাণ গম। স্থানীয়দের অভিযোগ, এসব প্রকল্পের পাশাপাশি বিগত সময়ের বিভিন্ন উন্নয়ন খাতের প্রায় ২৪ কোটি টাকার নগদ অর্থ ও খাদ্যশস্য নামমাত্র কাজ দেখিয়ে অথবা কাজ না করেই আত্মসাৎ করা হয়েছে। 

বর্তমানে এই কর্মকর্তা দুদকের মামলায় গ্রেফতার হয়ে চাঁদপুর জেলা কারাগারে আটক রয়েছেন এবং তাঁর দুর্নীতির বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।