জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ নাবিক গ্রেফতার, নগদ ১ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৯ এএম
শেয়ার করুন:
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ নাবিক গ্রেফতার, নগদ ১ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার

পিরোজপুরের জিয়ানগরে কঁচা নদীতে নোঙর করা একটি এলপিজি পরিবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ১৮ হাজার ৭৪৫ টাকাসহ মো. জিয়াউর রহমান (৪৫) নামে এক নাবিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

সোমবার (০৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার টগড়া ফেরিঘাট সংলগ্ন কঁচা নদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিয়াউর রহমান চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিঠানালা রাজাপুর গ্রামের মো. জেবল হকের ছেলে। তিনি ‘এমটি ডেল্টা এলপিজি-১’ নামের জাহাজের নাবিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, কঁচা নদীতে অবস্থানরত জাহাজে মাদকের একটি বড় চালান কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের পুলিশ সুপার মো. মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহব্বত খাঁনের তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। সোমবার গভীর রাতে টগড়া ফেরিঘাট এলাকায় নোঙর করা ‘এমটি ডেল্টা এলপিজি-১’ নামের জাহাজে তল্লাশি চালিয়ে ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ ১৮ হাজার ৭৪৫ টাকাসহ জিয়াউর রহমানকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহব্বত খাঁন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে পিরোজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।