খুপরি ঘরে বেড়ে ওঠা সালমার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি ফরিদা খানম

অনলাইন ডেস্কঃ
২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৯ পিএম
শেয়ার করুন:
খুপরি ঘরে বেড়ে ওঠা সালমার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি ফরিদা খানম

রাজধানীর মধুবাগের ছোট্ট এক খুপরি ঘরে চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেছেন উম্মে সালমা। বাবা পেশায় চা বিক্রেতা আর মা কাজ করেন মানুষের বাসাবাড়িতে। অভাব-অনটনের সংসারেও মেধার আলো ছড়িয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছেন তিনি। তবে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে পথচলা সালমার উচ্চশিক্ষা কলেজে ভর্তির শুরুতেই আর্থিক অনিশ্চয়তায় পড়ে যায়। এই মেধাবী শিক্ষার্থীর স্বপ্নপূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে উম্মে সালমার হাতে আর্থিক অনুদান তুলে দেন জেলা প্রশাসক ফরিদা খানম। একই সঙ্গে কলেজে ভর্তি ও আগামী দিনে তাঁর পড়াশোনা চালিয়ে নেওয়ার ক্ষেত্রে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে উম্মে সালমার অদম্য মেধা ও পারিবারিক সংকটের কথা তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, ভালো ফলাফল করেও কেবল অর্থের অভাবে কলেজে ভর্তি হতে পারছেন না তিনি। বিষয়টি নজরে আসার পরই দ্রুত সালমার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন জেলা প্রশাসন।

সালমার বাবা মিরাজ আলী জানান, চা বিক্রির সামান্য আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে মেয়ের পড়ার খরচ জোগানো ছিল এক বিশাল যুদ্ধ। তিনি বলেন, “মেয়ের রেজাল্ট দেখে মন ভরে গেলেও পরবর্তী পড়ার খরচ চালানো নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। ডিসি মহোদয় এগিয়ে আসায় আমরা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।” 

সালমার মা নাজমা বেগম বলেন, “মেয়ের স্বপ্ন সে বড় হয়ে ডাক্তার হবে। জেলা প্রশাসক পাশে দাঁড়ানোয় আমরা নতুন করে আশার আলো দেখতে পাচ্ছি।”

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “অদম্য মেধা ও প্রবল ইচ্ছাশক্তি থাকলে কোনো আর্থিক সংকট স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। প্রতিকূল পরিবেশ জয় করে উম্মে সালমা জিপিএ-৫ পেয়েছে, যা তার মেধার প্রমাণ। তার ডাক্তার হওয়ার স্বপ্নের পাশে আমরা দাঁড়িয়েছি। কলেজে ভর্তি থেকে শুরু করে তার পড়াশোনা অব্যাহত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।”

তিনি আরও আহ্বান জানান, সমাজের কোনো অসচ্ছল মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, সেজন্য সমাজের বিত্তবান ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসা উচিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।