আগৈলঝাড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৭ এএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

বরিশালের আগৈলঝাড়ায় মাধ্যমিক শিক্ষার পরিবেশ ও সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষক সমিতির (কামরুজ্জামান গ্রুপ) নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা অংশ নিয়ে নিজ নিজ বিদ্যালয়ের বিদ্যমান নানা সমস্যা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শ্রেণিকক্ষ সংকট ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতার কথা ইউএনও’র কাছে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

শিক্ষকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে কার্যকর উদ্যোগ ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষার সুষ্ঠু ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও প্রশাসনের পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি। এ সময় তিনি শিক্ষাব্যবস্থার ইতিবাচক পরিবর্তনে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, সহ-সভাপতি আব্দুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক হরিপদ সরকার ও সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন মিয়া। এছাড়া উপজেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সহকারী শিক্ষকবৃন্দ সভায় অংশ নেন।

সভা শেষে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উপজেলার মাধ্যমিক শিক্ষার মান আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।