মাদক ও কিশোর অপরাধকে ‘লাল কার্ড’: বেগমগঞ্জে শিক্ষার্থীদের চরিত্র গঠনের শপথ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৬ এএম
শেয়ার করুন:
মাদক ও কিশোর অপরাধকে ‘লাল কার্ড’: বেগমগঞ্জে শিক্ষার্থীদের চরিত্র গঠনের শপথ

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এসব সামাজিক ব্যাধিকে প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শনের পাশাপাশি নিজেদের উন্নত চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে তোলার শপথ নিয়েছে তারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে এই সচেতনতামূলক আলোচনা সভা ও চরিত্র গঠনের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পরে তিনি শিক্ষার্থীদের মাদক, কিশোর গ্যাং কালচার ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা এবং মোবাইল ফোনের ক্ষতিকর অপব্যবহার রোধে চরিত্র গঠনের শপথবাক্য পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা একযোগে লাল কার্ড উঁচিয়ে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ‘না’ বলার প্রত্যয় ব্যক্ত করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান এবং বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় সচেতনতা বৃদ্ধিমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত এই সংগঠনটি এ পর্যন্ত দেশের প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতন ও উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।