মধুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা: সুপারভাইজার নিহত, আহত অন্তত ১৫

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৯ এএম
শেয়ার করুন:
মধুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা: সুপারভাইজার নিহত, আহত অন্তত ১৫

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির বাসের ধাক্কায় এক পরিবহন সুপারভাইজার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধুখালীর শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জুয়েল (২৮) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী ‘পূর্বাশা পরিবহন’-এর একটি বাসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাগুরাগামী ময়দাবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-২৮৭৪) চাকা পাংচার হয়ে যায়। চালক তখন মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে গাড়িটি পার্ক করে চাকা মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা চুয়াডাঙ্গাগামী দ্রুতগতির পূর্বাশা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের বাম পাশে ইঞ্জিনের ঢাকনার (কভার) ওপর বসে থাকা সুপারভাইজার জুয়েল ঘটনাস্থলেই প্রাণ হারান। 

এ সময় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাক দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহত সুপারভাইজারের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।