ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

অনলাইন ডেস্কঃ
৪ জুলাই, ২০২৬ ১২:৪৩ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

ফরিদপুরের ভাঙ্গায় গ্রামবাসীর সংঘর্ষে সুমন নামের এক যুবক নিহতের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বরকে প্রধান আসামি করে হত্যা মামলা করা হয়েছে। এই ঘটনার পরপরই ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা শাখা।

গত শুক্রবার (৩ জুলাই) রাতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু ও সদস্য সচিব শাহরিয়ার শিথিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত’ ৩ জুলাই থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এর আগে, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল নিহত সুমনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে বলেন, “সন্ত্রাস ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিএনপি বা এর কোনো অঙ্গসংগঠনে ঠাঁই নেই। এই হত্যাকাণ্ডের মামলায় যাঁর নাম এসেছে, তাঁর বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” তাঁর এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই পুরো উপজেলা কমিটি বিলুপ্ত করার ঘোষণা আসে। ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে পুরো কমিটি ভেঙে দেওয়ার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক সিকদার সাইদুর রহমান মিঠু। তাঁর অভিযোগ, এ সিদ্ধান্তটি ক্ষমতার অপব্যবহারের শামিল। তিনি বলেন, “যদি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে থাকেন, তবে তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ কিংবা সরাসরি বহিষ্কারের মতো ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু দু-একজনের অপরাধের জন্য পুরো কমিটি বিলুপ্ত করা কোনোভাবেই ন্যায়সংগত নয়।”

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “সংগঠন কোনো একক ব্যক্তির ওপর ভর করে চলে না। এখানে অনেক নিবেদিতপ্রাণ নেতা-কর্মী রয়েছেন। দলের চরম দুর্দিনে যাঁরা আন্দোলন-সংগ্রাম করেছেন, মামলা-হামলা ও জেল-জুলুম সহ্য করেছেন, আজ তাঁরা বিনা অপরাধে অন্যায়ের শিকার হলেন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।