এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনার ভাঙ্গুড়ায় নাশকতার সন্দেহে এক যুবলীগ নেতাকে আটকের পর থানা চত্বরে কয়েকশ গ্রামবাসী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের বৈঠক হয়। পরে আটক ওই নেতাকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া থানায় এ ঘটনা ঘটে। মুক্ত হওয়া ওই নেতার নাম রিপন সরকার (৪০)। তিনি উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
আটক ও থানা ঘেরাও
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে নাশকতার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য রিপন সরকারকে পাটুলিপাড়া গ্রামের বাড়ি থেকে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী থানায় গিয়ে জড়ো হন। তারা থানা চত্বরে বিক্ষোভ শুরু করে রিপনের মুক্তির দাবি জানান।
একপর্যায়ে থানা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। পরে গ্রামবাসীর পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ওসির কক্ষে বৈঠকে বসে। দীর্ঘ আলোচনার পর রাত সাড়ে ১০টার দিকে রিপন সরকারকে গ্রামবাসীর জিম্মায় মুক্তি দেওয়া হয়।
বিরোধের নেপথ্যে খাসজমি ও বাজার
স্থানীয়রা জানান, টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পাটুলিপাড়া গ্রামে একটি খাসজমি ও মাছবাজারের দখল নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সঙ্গে ইউনুস সরকার নামে এক ব্যক্তির বিরোধ চলছে। অভিযোগ রয়েছে, ওই সরকারি জমি দখল করে কয়েকটি ঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছিলেন ইউনুস সরকার। পরবর্তীতে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই ঘরগুলো উচ্ছেদ করে সেখানে পুনরায় মাছের বাজার চালু করেন এবং এলাকাটিকে অটোরিকশা স্ট্যান্ড ঘোষণা দেন।
গ্রামবাসীর ভাষ্য, এই আন্দোলনে এলাকাবাসীর পক্ষে সক্রিয় নেতৃত্ব দিচ্ছিলেন যুবলীগ নেতা রিপন সরকার। তাকে হয়রানি করতে এবং আন্দোলন দমন করতেই প্রতিপক্ষের ইন্ধনে পুলিশ তাকে আটক করেছিল বলে দাবি স্থানীয়দের।
পুলিশের বক্তব্য
হয়রানির অভিযোগ অস্বীকার করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন সরকারকে থানায় আনা হয়েছিল। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। একই সাথে সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং স্থানীয়দের দাবির মুখে তাকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৯ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৯ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৯ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।