অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্কঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৯ পিএম
শেয়ার করুন:
অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অপ্রতিমের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে ক্যাম্পাস থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পৌঁছে অবস্থান নেয় এবং মহাসড়ক অবরোধ করে।

অবরোধ চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘অপ্রতিমের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ সহ হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে অংশ নিয়ে কুবি শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, “আমরা কেবল অপ্রতিমের শোক কাটাতে আসিনি, সারা দেশের অনিরাপদ বাস্তবতার বিরুদ্ধেই আজ দাঁড়িয়েছি। কুমিল্লাসহ সারা দেশেই প্রতিনিয়ত এমন নৃশংস ঘটনা ঘটছে। আমরা কোনো আশ্বাস চাই না, অবিলম্বে অপ্রতিমের হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে তীব্র বিঘ্ন সৃষ্টি হয় এবং দূরপাল্লার যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।