দেড় মাস বন্ধ উজিরপুর হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

অনলাইন ডেস্কঃ
১৫ অক্টোবর, ২০২৬ ৫:১২ পিএম
শেয়ার করুন:
দেড় মাস বন্ধ উজিরপুর হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

চালক অবসরে যাওয়ার পর নতুন চালক নিয়োগ না দেওয়ায় প্রায় দেড় মাস ধরে বন্ধ রয়েছে বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা। দীর্ঘদিন ধরে হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি গ্যারেজে পড়ে থাকায় জরুরি রোগী স্থানান্তর ও মরদেহ পরিবহনে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী এবং তাদের স্বজনেরা। নিরুপায় হয়ে চড়া মূল্যে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মাত্র সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। অ্যাম্বুলেন্সটির চালক গত ১ সেপ্টেম্বর অবসরে যান। এরপর থেকে দেড় মাসের বেশি সময় পার হলেও নতুন কোনো চালক পদায়ন বা নিয়োগ দেওয়া হয়নি। ফলে জরুরি সেবামূলক বাহনটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ অক্টোবর সকালে উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হানিফ হাওলাদারের স্ত্রী আলো বেগম গুরুতর অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় তাকে নিয়ে বিপাকে পড়েন স্বজনেরা। স্বজনদের অভিযোগ, সংকটাপন্ন রোগী জেলা শহরে স্থানান্তর কিংবা মরদেহ বাড়িতে নেওয়ার ক্ষেত্রে এখন চরম অসহায়ত্বের মুখোমুখি হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, এ হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ মানুষই নিম্ন ও মধ্যম আয়ের। তাদের পক্ষে জরুরি মুহূর্তে বেসরকারি অ্যাম্বুলেন্সের বাড়তি ভাড়া বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। শুধু অ্যাম্বুলেন্স চালকই নন, স্বাস্থ্য কমপ্লেক্সটির আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে সার্বিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগের জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নাজমুস শাকিব বলেন, “হাসপাতালে একটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে। গত ১ সেপ্টেম্বর চালক অবসরে যাওয়ার পর থেকেই অ্যাম্বুলেন্স সেবাটি বন্ধ রয়েছে। চালক নিয়োগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া হাসপাতালের আরও বেশ কয়েকটি পদ শূন্য রয়েছে, যা দ্রুত পূরণ হওয়া জরুরি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।