শক্তিশালী ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ

অনলাইন ডেস্কঃ
২৪ অক্টোবর, ২০২৬ ৪:৩০ পিএম
শেয়ার করুন:
শক্তিশালী ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দারুণ লড়াই উপহার দিয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ইউরোপের শক্তিশালী দল ওয়েলসের মুখোমুখি হয়ে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে পুরো সময় জুড়েই দাপট দেখায় ওয়েলস। একের পর এক আক্রমণ সাজিয়ে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা। তবে তাদের সব প্রচেষ্টাই ব্যর্থ করে দেন বাংলাদেশের গোলরক্ষক শ্রীনাথ সরদার। দুর্দান্ত সব সেভ করে দলকে বিপদমুক্ত রাখার স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন এই তরুণ গোলরক্ষক।

ম্যাচ শেষে শ্রীনাথ বলেন, “শারীরিক গঠনের দিক থেকে ওয়েলসের খেলোয়াড়েরা আমাদের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল। তবে দলের প্রত্যেকেই নিজেদের সর্বোচ্চ সামর্থ্য উজাড় করে লড়াই করেছে।” নিজের পারফরম্যান্সে সন্তুষ্টি জানিয়ে তিনি আরও বলেন, আগামী ম্যাচগুলোতেও গোলপোস্ট অক্ষত রাখার ধারাবাহিকতা ধরে রাখতে চান এবং এ জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

প্রথম ম্যাচে পয়েন্ট পেলেও দলের সামগ্রিক খেলায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি প্রধান কোচ আকবর হোসেন রিদন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দলের ঘাটতিগুলোর কথা তুলে ধরেন। 

কোচ বলেন, “শারীরিক সক্ষমতা ও টেকনিক্যাল দক্ষতায় ওয়েলস দল এগিয়ে ছিল। তবে দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। বিশেষ করে বল পজিশন নিয়ে আক্রমণ সাজানোর ক্ষেত্রে আমাদের খেলোয়াড়রা কিছু ভুল করেছে।” এছাড়া ম্যাচে গোলের সহজ একটি সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপও প্রকাশ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।