আলফাডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
১০ অক্টোবর, ২০২৬ ৪:৪০ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে একই গ্রামের চারজনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. নাজমুল ইসলাম (৩৮)।

অভিযোগকারী নাজমুল ইসলাম উপজেলার পাকুড়িয়া গ্রামের হাজী চাঁদ মাহমুদ খানের ছেলে। অভিযুক্তরা হলেন—একই গ্রামের মিজানুর রহমান খান (৬৫), তৌহিদুর রহমান খান (৪৫), মফিজুর রহমান খান (৩৫) ও ফয়সাল খান (১৮)।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পাকুড়িয়া মৌজার ৪৮ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে আলফাডাঙ্গা সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা (নম্বর: ৬৮/২১) বিচারাধীন রয়েছে। আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। 

ভুক্তভোগী নাজমুল ইসলামের অভিযোগ, আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ বিরোধপূর্ণ ওই জমিতে জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণ করছে। ইতোমধ্যে ভবনের ভিত্তি ঢালাইয়ের কাজও সম্পন্ন হয়েছে।

নাজমুল ইসলাম জানান, নির্মাণকাজের বিষয়টি জানতে পেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিবাদীদের আদালতের নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হয়। কিন্তু তারা তা কর্ণপাত না করায় বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইনি প্রতিকার পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

অভিযোগে উল্লেখিত তথ্যানুযায়ী, পাকুড়িয়া মৌজার বিএস ২২১ ও ২২৪ নম্বর খতিয়ান এবং ২৩৭ ও ২৩৮ নম্বর হাল দাগের মোট ৪৮ শতাংশ জমির মধ্যে ২৪ শতাংশ জমির মালিকানা দাবি করছে অভিযোগকারী পক্ষ।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিজানুর রহমান খান বলেন, "আমরা আমাদের নিজস্ব জায়গাতেই ঘর তুলছি। জমির সব কাগজপত্র আমাদের অনুকূলে রয়েছে। তারা অন্যায়ভাবে দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে বিরোধ সৃষ্টি করে আসছে।"

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার মণ্ডল বলেন, "অভিযোগ পাওয়ার পর আমি সরেজমিনে গিয়েছিলাম। নালিশি জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কোনো পক্ষই কোনো ধরনের কাজ করতে পারবে না। তাই আপাতত সেখানে সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।