বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, দীর্ঘ ১৫ বছরের জুলুম, গুম, খুন এবং স্বৈরাচারী ফ্যাসিবাদের যাঁতাকল থেকে মুক্ত হয়ে ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। কোনো একক নেতার নেতৃত্বে নয়, বরং এ দেশের পরিবর্তনকামী সাধারণ জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন তাসের ঘরের মতো লুটিয়ে পড়েছে। এখন এই বিপ্লবকে ব্যর্থ করে দিতে একটি পক্ষ গভীর ষড়যন্ত্র শুরু করেছে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে স্বরূপকাঠি সরকারি পাইলট স্কুল মাঠে পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদীর সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, "বাংলার মুক্তিকামী মানুষ যেকোনো অপচেষ্টাকে রুখে দিতে আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যের স্রোতে সব ষড়যন্ত্র ও অপতৎপরতা ইনশাল্লাহ ভেসে যাবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে আমাদের ঐক্যের প্রধান ভিত্তি হলো দেশপ্রেম। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের রাজনীতির কারণে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।"
তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে নস্যাৎ করতে পরাজিত শক্তিগুলো এখন একজোট হচ্ছে। এমনকি কেউ কেউ সরাসরি গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে জনআকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করার চেষ্টা করছে। তবে এ দেশের সচেতন মানুষ আর কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।
নেছারাবাদ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, জেলা আমীর তোফাজ্জল হোসেন ফরিদ এবং পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদীসহ জেলা ও উপজেলা জামায়াত জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আগামী নির্বাচনে শামীম সাঈদীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকার শপথ করান। জনসভাকে কেন্দ্র করে স্বরূপকাঠি এলাকায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।