থানচিতে চলন্ত গাড়িতে হাত বাইরে রাখায় পর্যটকের হাত লণ্ডভণ্ড, অবস্থা আশঙ্কাজনক
বান্দরবানের থানচি উপজেলায় চলন্ত পর্যটকবাহী গাড়ির জানালা দিয়ে হাত বাইরে রাখায় বিপরীত দিক থেক
বান্দরবানের থানচি উপজেলায় চলন্ত পর্যটকবাহী গাড়ির জানালা দিয়ে হাত বাইরে রাখায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির ধাক্কায় শেখ জাহিদ হাসান (২৫) নামে এক পর্যটক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে থানচি-বান্দরবান সড়কের বলিপাড়া ইউনিয়নের দিন্তে পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহত পর্যটক শেখ জাহিদ হাসান সাতক্ষীরা জেলার দরগাহপুর গ্রামের হাসানুল আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি পর্যটকবাহী ‘বি-সেভেন্টি’ গাড়ি থানচির দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে অন্য একটি পর্যটকবাহী গাড়ি বান্দরবানের দিকে আসছিল। দিন্তে পাড়া এলাকায় গাড়ি দুটি একে অপরকে অতিক্রম করার সময় পর্যটক জাহিদ অসাবধানতাবশত জানালার বাইরে হাত বের করে রেখেছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে সজোরে ধাক্কা লেগে তার হাতটি গুরুতরভাবে জখম হয়।
দুর্ঘটনার পর জাহিদের সফরসঙ্গীরা তাকে দ্রুত উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত সিনিয়র নার্স ঋতু চাকমা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়েছে।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত পর্যটকের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পর্যটকদের চলাচলে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
What's Your Reaction?
অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ