ফরিদপুরের সালথায় প্রবাসীর বাড়িতে চেতনানাশক ছিটিয়ে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
৬ নভেম্বর, ২০২৬ ১১:১২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরের সালথায় প্রবাসীর বাড়িতে চেতনানাশক ছিটিয়ে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ফরিদপুরের সালথায় একটি প্রবাসী পরিবারের সদস্যদের চেতনানাশক প্রয়োগ করে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামে সৌদি আরবপ্রবাসী কাজী কামরুজ্জামান রনির বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের ধারণা, দুর্বৃত্তরা কৌশলে বাড়ির টিউবওয়েলের পানিতে চেতনানাশক কোনো ওষুধ মিশিয়ে দিয়েছিল। ওই পানি ব্যবহার বা পান করার পর থেকেই পরিবারের সদস্যরা অস্বাভাবিক তন্দ্রাচ্ছন্নতা অনুভব করতে শুরু করেন এবং একপর্যায়ে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। তবে পানিতে আসলেই চেতনানাশক মেশানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রবাসীর বাবা কাজী নুর ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পরিবারের সবাই হঠাৎ তীব্র ঘুম ঘুম অনুভব করতে থাকেন। পরিস্থিতি বুঝে ওঠার আগেই একে একে সবাই অচেতন হয়ে পড়েন। পরদিন শুক্রবার সকালে ঘুম ভাঙলে ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে এলোমেলো অবস্থায় দেখতে পান। এরপর দেখা যায়, ঘরের উত্তর পাশের জানালার লোহার গ্রিল কাটা রয়েছে। 

তিনি আরও জানান, দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারি ও ড্রয়ার তছনছ করে। সেখান থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং জমি রেজিস্ট্রি ও পারিবারিক কাজে রাখা নগদ প্রায় ৬ লাখ টাকা নিয়ে চম্পট দেয়। 

এ ঘটনায় কাজী নুর ইসলাম বাদী হয়ে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।