নওগাঁয় মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

অনলাইন ডেস্কঃ
১০ নভেম্বর, ২০২৬ ১:৩৫ পিএম
শেয়ার করুন:
নওগাঁয় মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় মধ্যরাতে দাঁড়িয়ে থাকা ‘আল বারাকা পরিবহন’-এর দুটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের বাইপাস গাবতলী মোড়ে পাশাপাশি তিনটি যাত্রীবাহী বাস পার্ক করা ছিল। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ সেগুলোর মধ্যে দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং তা নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের সময় বাস দুটিতে চালক বা হেলপারের কেউ ছিলেন না। আশপাশে সন্দেহজনক কাউকে দেখা যায়নি বলেও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও আগুনে বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, খবর পাওয়ামাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। 

এদিকে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের ভেতরে থাকা মশার কয়েলের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।