হবিগঞ্জে এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্কঃ
২৯ জুলাই, ২০২৬ ১২:৫৭ পিএম
শেয়ার করুন:
হবিগঞ্জে এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ পৌর এলাকায় একই স্থানে ও একই সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়, এনসিপি ওই এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা করে। অন্যদিকে, একই সময়ে ও একই স্থানে সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল ‘শান্তি প্রতিষ্ঠার সমাবেশ’ ও অবস্থান কর্মসূচির ডাক দেয়। এতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয় এবং সম্ভাব্য সংঘাত, জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়।

এ পরিস্থিতিতে জনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতাবলে হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাগম, সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি, পিকেটিং, মাইকিং, স্লোগানসহ আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। 

প্রশাসন জানায়, এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। একই সাথে জনস্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ঘটনার পটভূমি সম্পর্কে এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক জানান, গত মঙ্গলবার প্রশাসনের সামনেই তাদের নেতা-কর্মীদের ওপর বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালায়। এর প্রতিবাদেই বুধবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু কর্মসূচি পণ্ড করতে বিএনপি ও তাদের সহযোগীরা একই স্থানে পাল্টা কর্মসূচি দেয়। 

তবে এনসিপির এসব অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।