শিবচরে মা ইলিশ রক্ষা অভিযানে ৫০ হাজার মিটার জাল জব্দ, কারাদণ্ড ও জরিমানা

আলমাস বেপারী, জেলা প্রতিনিধি, মাদারীপুরঃ
১৬ অক্টোবর, ২০২৬ ৬:১১ পিএম
শেয়ার করুন:
শিবচরে মা ইলিশ রক্ষা অভিযানে ৫০ হাজার মিটার জাল জব্দ, কারাদণ্ড ও জরিমানা

মাদারীপুরের শিবচরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরা ও কেনাবেচার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলেকে ১৪ দিন করে কারাদণ্ড এবং মাছ কেনার অপরাধে তিন ক্রেতাকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

শুক্রবার ভোররাতে শিবচর উপজেলার কাজীরসুরা বাজারে এ বিশেষ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছির উদ্দিন।

প্রশাসন সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার এবং শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজানের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এবং চরজানাজাত পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছিম আহমেদসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।

অভিযানকালে বাজার থেকে ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল এবং প্রায় পাঁচ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার হওয়া ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জাতীয় সম্পদ ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ও মা ইলিশ রক্ষায় প্রশাসনের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ শিকার, পরিবহন কিংবা কেনাবেচা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে মৎস্যসম্পদ রক্ষায় সর্বস্তরের জনগণকে মৎস্য আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।