৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ, আশ্বাসে অবরোধ তুলে নিলেন এলাকাবাসী

অনলাইন ডেস্কঃ
২১ অক্টোবর, ২০২৬ ২:৪১ পিএম
শেয়ার করুন:
৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ, আশ্বাসে অবরোধ তুলে নিলেন এলাকাবাসী

নীলফামারীর দারোয়ানীতে আন্তঃনগরসহ সব ট্রেনের নিয়মিত যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় চার ঘণ্টা উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

বুধবার সকাল ৯টার দিকে দারোয়ানী টেক্সটাইল মিল এলাকায় রেললাইনে অবস্থান নিয়ে এ অবরোধ শুরু করেন এলাকাবাসী। অবরোধের কারণে দারোয়ানী স্টেশনে ‘রকেট মেইল’ এবং নীলফামারী রেলওয়ে স্টেশনে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। দীর্ঘ প্রায় চার ঘণ্টা পর দুপুর পৌনে ১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, ব্রিটিশ আমল থেকেই দারোয়ানী স্টেশনে নিয়মিত ট্রেন থামত। কিন্তু ২০০৩ সাল থেকে স্টেশনটির কার্যক্রম সীমিত হয়ে পড়ে; বর্তমানে কেবল লোকাল ‘রকেট মেইল’ ছাড়া আর কোনো ট্রেন এখানে থামে না। অথচ পাশেই উত্তরা ইপিজেডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্পকারখানা গড়ে ওঠায় এলাকাটি এখন একটি ব্যস্ত বাণিজ্যিক অঞ্চলে পরিণত হয়েছে। এখানে ট্রেনের যাত্রাবিরতি না থাকায় স্থানীয় হাজার হাজার শ্রমিক ও সাধারণ যাত্রীকে প্রায় ১০ কিলোমিটার দূরে গিয়ে নীলফামারী স্টেশন থেকে ট্রেনে উঠতে ও টিকিট কাটতে হয়। এর ফলে সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগের পাশাপাশি ব্যবসায়ীদেরও পণ্য পরিবহনে বাড়তি খরচ গুনতে হচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে দাবি জানিয়েও কোনো ফল না পাওয়ায় বাধ্য হয়ে তারা রেল অবরোধ করেন।

অবরোধ চলাকালে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রেলওয়ের স্টেশন মাস্টার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী দুপুর ১২টা ৪০ মিনিটে অবরোধ তুলে নেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, “বিষয়টি নিয়ে রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তারা স্টেশনটি পুরোপুরি সচল করা এবং গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন। আশা করছি, খুব দ্রুতই এ সমস্যার সুষ্ঠু সমাধান হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।