আগৈলঝাড়ায় পৃথক অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ আটক ৪

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৩ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় পৃথক অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ আটক ৪

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে দুই হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার যুবককে আটক করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সেরাল চৌরাস্তা ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আগৈলঝাড়া থানা পুলিশ। 

আটক ব্যক্তিরা হলেন—বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের আবুল কালাম হাওলাদারের ছেলে মেহেদী হাসান (৩৫), ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠী গ্রামের মৃত মোসলেম খানের ছেলে রাশেদ খান (৩৩), আগৈলঝাড়া উপজেলার বরিয়ালী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৫) এবং একই গ্রামের আফজাল সন্যামতের ছেলে হৃদয় সন্যামত (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার সেরাল চৌরাস্তা এলাকায় প্রথমে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহভাজন মনিরুল ইসলাম ও হৃদয় সন্যামতের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

ওই অভিযান শেষে পুলিশ সদস্যরা থানায় ফেরার পথে সেরাল এলাকায় বেপরোয়া গতিতে চলা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেন। তবে আরোহীরা সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে মেহেদী হাসান ও রাশেদ খানকে আটক করে। পরবর্তীতে তাদের শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই রাতেই গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনছার উদ্দিন এবং আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী ও রাশেদ জানান, তারা গৌরনদীর টরকী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিরা মাঝির কাছ থেকে পাইকারি মূল্যে এই দুই হাজার পিস ইয়াবা সংগ্রহ করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে নিরাপদ পথ হিসেবে গ্রামীণ সড়ক ব্যবহার করে মোটরসাইকেলে করে ইয়াবার চালানটি বরিশাল শহরে নিয়ে যাওয়া হচ্ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, পৃথক দুটি অভিযানে মোট চারজনকে দুই হাজার ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।