অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘রইদ’

অনলাইন ডেস্কঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৪ পিএম
শেয়ার করুন:
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘রইদ’

অস্কারের মর্যাদাপূর্ণ মঞ্চে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের হয়ে লড়বে আলোচিত এই ছবিটি।

রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

নিজের সিনেমা দেশের হয়ে অস্কারের দৌড়ে নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন,  
“অনুভূতিটা সত্যিই ভীষণ আনন্দের। কারণ, এটি আমাদের মাটি ও আমাদের এই অঞ্চলের গল্প। এখানকার সংস্কৃতি, জীবনবোধ ও চিন্তার ভেতর দিয়েই গল্পটি এগিয়েছে।”

তিনি আরও জানান, একটি চলচ্চিত্রের বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি নান্দনিক ও একাডেমিক গুরুত্বও অনেক। ‘রইদ’ নির্মাণের মাধ্যমে দর্শকদের সেই বিশেষ শৈল্পিক অভিজ্ঞতা দেওয়ারই চেষ্টা করা হয়েছে।

গল্প ও কলাকুশলী
‘সাধু’ এবং তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর টানাপোড়েন ও সম্পর্কের গভীরতা ঘিরেই আবর্তিত হয়েছে ‘রইদ’-এর গল্প। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। যৌথভাবে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক এবং শুকর্ণ শাহেদ ধিমান।

আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
মুক্তির আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে নজর কাড়ে ‘রইদ’। গত বছরের শেষের দিকে সিনেমাটির ট্রেলার প্রকাশিত হলে তা দর্শকমহলে ব্যাপক কৌতূহল তৈরি করে। চলতি বছরের শুরুতে মর্যাদাপূর্ণ নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের (IFFR) ৫৫তম আসরে সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং তা প্রশংসিত হয়। পরবর্তীতে বিশ্বের আরও কয়েকটি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পর গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

 যেভাবে চূড়ান্ত হলো মনোনয়ন
অস্কারে পাঠানোর জন্য বাংলাদেশ থেকে মোট পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছিল। প্রাথমিক বাছাই শেষে অস্কার বাংলাদেশ কমিটি সেখান থেকে চারটি ছবি বিবেচনায় নেয়। বিস্তারিত যাচাই-বাছাই ও গুণগত মান বিশ্লেষণের পর চূড়ান্তভাবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’-কেই দেশের প্রতিনিধিত্বের জন্য মনোনীত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।