বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দীর্ঘ ৫৫ বছর ধরে সম্পূর্ণ বিনা বেতনে কোমলমতি শিশুদের পাঠদান ও নৈতিক শিক্ষা দিয়ে আসা প্রবীণ শিক্ষক রমণীকান্ত বেপারীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সম্প্রতি তাঁর এই নিঃস্বার্থ শিক্ষা-সেবার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করায় তাঁর পাশে দাঁড়াতে ছুটে যান বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান।

জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের বাসিন্দা রমণীকান্ত বেপারী জীবনের ৫৫টি বছর উৎসর্গ করেছেন এলাকার শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে। তাঁর এই অনন্য ত্যাগের স্বীকৃতি পাওয়ার পর বিআরডিবি চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান রাংতা গ্রামে ওই প্রবীণ শিক্ষকের নিজ বাসভবনে যান। পরবর্তীতে তাঁকে সম্মান প্রদর্শনপূর্বক বিআরডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় সেখানে এক আবেগঘন ও অনুপ্রেরণাদায়ক পরিবেশের সৃষ্টি হয়।

শুভেচ্ছা বিনিময়কালে বিআরডিবি চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান শিক্ষক রমণীকান্ত বেপারীর দীর্ঘ ৫৫ বছরের নিঃস্বার্থ সেবার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি বলেন, সমাজে রমণীকান্ত বেপারীর মতো নিঃস্বার্থ গুণী মানুষের অবদান অতুলনীয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ. এম. শাহাদাত, বিআরডিবির মাঠ সংগঠক মোসা. শাহিদা আক্তার, খাদিজা আক্তার, মো. নুরুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, কোনো পারিশ্রমিক ছাড়া জীবনের দীর্ঘ সময় ধরে পিছিয়ে পড়া শিশুদের পাঠদান ও চরিত্র গঠনে শ্রী রমণীকান্ত বেপারীর এই আত্মত্যাগ এলাকার শিক্ষা বিস্তারে এক অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে।