থানচিতে ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ প্রতিপাদ্যে কন্যা শিশু দিবস পালিত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
১২ অক্টোবর, ২০২৬ ৫:৩৯ পিএম
শেয়ার করুন:
থানচিতে ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ প্রতিপাদ্যে কন্যা শিশু দিবস পালিত

"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র‍্যালি শেষে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, "কন্যা শিশুরা পরিবারের বোঝা নয়, বরং তারা দেশ ও জাতির ভবিষ্যৎ সম্পদ। সরকার নারী ও কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পার্বত্য এই জনপদে কন্যা শিশুদের সুশিক্ষা, সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে তারাই দেশ ও বিশ্ব জয়ের নেতৃত্ব দেবে।" 

তিনি আরও বলেন, "বাল্যবিয়ে কন্যা শিশুর স্বাভাবিক বিকাশ ও লালিত স্বপ্নকে ধ্বংস করে দেয়। তাই থানচিকে বাল্যবিয়েমুক্ত করতে প্রশাসন, অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবীর হোসেন, থানচি প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, সমাজপতি নুমংপ্রু মারমা, রেমাক্রী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য প্রুসিংঅং মারমা এবং মহিলা বিষয়ক কার্যালয়ের প্রধান অফিস সহকারী আবদুল হান্নান প্রমুখ।

বক্তারা বলেন, কন্যা শিশুদের কেবল গৃহস্থালি কাজের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। বাল্যবিয়ে একটি দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে কোথাও এর লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো জরুরি প্রয়োজনে বা সহিংসতা প্রতিরোধে সরকারি হটলাইন নম্বর ‘১০৯’ এবং ‘৩৩৩’-এর ব্যবহার সম্পর্কে ছাত্রীদের সচেতন করা হয়।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।