ঢামেক হাসপাতালের বাথরুম থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্কঃ
৫ অক্টোবর, ২০২৬ ১২:৫৮ পিএম
শেয়ার করুন:
ঢামেক হাসপাতালের বাথরুম থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার একটি বাথরুম থেকে আনুমানিক ২৮ বছর বয়সী অজ্ঞাত এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে এক পরিচ্ছন্নতাকর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে তরুণীর মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাথরুমের ওপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করেন। এ সময় বাথরুমের মেঝেতে রক্ত পড়ে থাকতে দেখা যায় এবং নিহতের পায়ের কাছে একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়।

ঘটনার পরপরই শাহবাগ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, নিহত তরুণীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি হাসপাতালের কোনো রোগী কিংবা রোগীর স্বজন ছিলেন, নাকি বাইরে থেকে হাসপাতালে এসেছিলেন—সে বিষয়টিও এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

তিনি আরও জানান, তরুণীর পরিচয় শনাক্ত করতে এবং এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত হতে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।