মোহাম্মদপুরে তৈরি হতো ভেজাল ওষুধ, বিক্রি ঢাকার বাজারে

অনলাইন ডেস্কঃ
৭ অক্টোবর, ২০২৬ ২:৩১ পিএম
শেয়ার করুন:
মোহাম্মদপুরে তৈরি হতো ভেজাল ওষুধ, বিক্রি ঢাকার বাজারে

রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক ফ্ল্যাটে গড়ে তোলা হয়েছিল অনুমোদনহীন ও ভেজাল ওষুধ তৈরির কারখানা। সেখানে শিশুদের স্পর্শকাতর ভিটামিন সিরাপসহ বিভিন্ন ধরনের নকল ওষুধ তৈরি করে বাজারজাত করা হচ্ছিল ঢাকার বিভিন্ন ফার্মেসিতে। 

এমনই এক চক্রের সন্ধান পেয়ে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ভেজাল ওষুধ ও আধুনিক যন্ত্রপাতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। 

গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল্লাহ আল মাহমুদ, মোহাম্মদ সাজু এবং সজীব। 

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওষুধ প্রশাসন অধিদপ্তরের দুজন কর্মকর্তার উপস্থিতিতে ডিবি ওয়ারী বিভাগ এই বিশেষ অভিযান পরিচালনা করে। গত ৬ অক্টোবর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার ‘সি’ ব্লকের ১ নম্বর রোডের একটি বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। সেখান থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ এবং ক্যাপসুল তৈরি, ক্যাপসুল ভরাট ও লেবেলিং করার আধুনিক সরঞ্জাম জব্দ করা হয়।

ডিবি প্রধান জানান, গ্রেপ্তারকৃতরা আগে বিভিন্ন নামী ওষুধ কোম্পানিতে ‘মেডিকেল রিপ্রেজেন্টেটিভ’ (চিকিৎসা প্রতিনিধি) হিসেবে কর্মরত ছিলেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অধিক মুনাফার লোভে গত তিন-সাড়ে তিন মাস ধরে বাসা ভাড়া নিয়ে তারা এই অবৈধ কারখানা পরিচালনা করে আসছিলেন। 

অভিযানে উদ্ধার হওয়া ভেজাল ওষুধের মধ্যে শিশুদের ভিটামিনের ঘাটতি পূরণে ব্যবহৃত ‘কিডোকেয়ার’ (কিড ওমেগা) নামক নকল সিরাপও রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পথে আনা কিছু অনুমোদনহীন ওষুধও জব্দ করা হয়েছে, যা দেশের প্রচলিত তালিকার বাইরে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোয়েন্দা প্রধান বলেন, “সাধারণ মানুষের পক্ষে ভেজাল ওষুধ সহজে চেনা কঠিন। তবে মোড়ক ও প্যাকেজিং সতর্কভাবে দেখলে কিছুটা ধারণা পাওয়া যায়।” 

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “কিছু নির্দিষ্ট চিকিৎসক অনুমোদনহীন ও ভেজাল এসব ওষুধ প্রেসক্রাইব (ব্যবস্থাপত্রে লিখে) করে আসছিলেন। তদন্ত সাপেক্ষে জড়িত চিকিৎসকদেরও আইনের আওতায় আনা হবে। এছাড়া ওষুধগুলো রাজধানীর কোথায় কোথায় সরবরাহ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।