পিরোজপুরে ২০০ পিস ইয়াবা ও নগদ ২ লাখ টাকাসহ যুবক আটক

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫২ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে ২০০ পিস ইয়াবা ও নগদ ২ লাখ টাকাসহ যুবক আটক

পিরোজপুর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ দুই লাখ টাকাসহ লিমন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। 

আটককৃত লিমন হোসেন সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জুজখোলা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আল মাহবুবের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবির পরিদর্শক মোস্তফা হাবিবুল্লাহ, এসআই পলাশ বিশ্বাস, এএসআই মো. আল মোশারেফসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। 

অভিযানকালে প্রথমে আটক লিমনের কাছে থাকা একটি নীল রঙের জিপার ব্যাগ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভৈরমপুর গ্রামের পলাতক আসামি মো. রবিউল হাওলাদারের বসতঘরে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে ঘরের ওয়ারড্রবের ড্রয়ারে রাখা একটি শপিং ব্যাগ তল্লাশি করে আরও ১০০ পিস ইয়াবাসহ মোট ২০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২ লাখ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আল মাহবুব জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, “মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ বদ্ধপরিকর এবং মাদকের বিরুদ্ধে আমাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।