ফরিদপুরে পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের দাবি, আলামত পায়নি পুলিশ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
২৮ নভেম্বর, ২০২৬ ১১:৫২ এএম
শেয়ার করুন:
ফরিদপুরে পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের দাবি, আলামত পায়নি পুলিশ

ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া একটি ককটেল থানা সংলগ্ন পৌর মার্কেটের টিনের ছাদে বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে বিকট শব্দ শোনার কথা নিশ্চিত করলেও ঘটনাস্থলে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে শহরের ফরিদ শাহ সড়কে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ শাহ সড়কের পাশে রয়েছে তিনতলা বিশিষ্ট ফরিদপুর পৌর মার্কেট, যার তৃতীয় তলায় টিনের ছাদ রয়েছে। এই মার্কেটের পেছনেই থানার সীমানাপ্রাচীর ঘেঁষে অবস্থিত দুইতলা ব্যারাক ভবন-২। ভবনটির নিচতলায় থানার কয়েকজন উপপরিদর্শক (এসআই) দাপ্তরিক কাজ করেন এবং ওপরতলায় একটি হলরুম রয়েছে। যে স্থানে বিস্ফোরণটি ঘটে, সেটি থানার উত্তর দিক এবং থানার মূল ফটক থেকে মাত্র ৩৫ থেকে ৪০ গজ দূরে।

ঘটনাস্থলের পাশের চা দোকানি লিটন সাহা বলেন, “হঠাৎ বিকট শব্দে চারপাশ কেঁপে উঠলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। দোকান থেকে বের হয়ে দেখি, পৌর মার্কেটের ‘মা ইলেকট্রনিকস’ বরাবর তিনতলার টিনের ছাদে ধোঁয়া উড়ছে। ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ এসে জায়গাটি পরিদর্শন করে।”

ঘটনার সময় থানার অদূরে মহাকালীর মোড়ে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ। তিনি জানান, “বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হয়েছে, সড়কের বিপরীত পাশে অবস্থিত গৌড় গোপাল আঙিনা ট্রাস্টের সাততলা ভবনের কোনো একটি তলা থেকে ককটেলটি নিক্ষেপ করা হতে পারে।” ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, “বিস্ফোরণের প্রচণ্ড একটি শব্দ শুনে তাৎক্ষণিকভাবে ফোর্স নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। তবে সেখানে ককটেলের কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনাটি কী কারণে বা কীভাবে ঘটেছে, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।