জনদুর্ভোগ কোনোভাবেই সহ্য করা হবে না: কাপ্তাইয়ে মতবিনিময় সভায় এমপি দীপেন দেওয়ান

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৫ এএম
শেয়ার করুন:
জনদুর্ভোগ কোনোভাবেই সহ্য করা হবে না: কাপ্তাইয়ে মতবিনিময় সভায় এমপি দীপেন দেওয়ান

বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো পাহাড়ের সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া। সেবাপ্রাপ্তির ক্ষেত্রে কোনো অবস্থাতেই জনদুর্ভোগ সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ২৯৯ নং পার্বত্য রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’–তে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় কাপ্তাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, “পাহাড়ের দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকারি কর্মকর্তাদের আরও বেশি আন্তরিক ও মাঠপর্যায়ে তৎপর হতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।” এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের বরাদ্দকৃত প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজে শতভাগ স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যেই তা বাস্তবায়ন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি মেনে নেওয়া হবে না।

মতবিনিময় পর্বে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বর্তমান কার্যক্রম, মাঠপর্যায়ের নানাবিধ সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। এমপি দীপেন দেওয়ান ধৈর্যসহকারে তাদের বক্তব্য শোনেন এবং চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সভা শেষে কাপ্তাই উপজেলার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।