বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাইকমিশনার

অনলাইন ডেস্কঃ
১০ আগস্ট, ২০২৬ ৪:১৪ পিএম
শেয়ার করুন:
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক বজায় রাখতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—এমন বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু বা মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। তবে আলোচনার মাধ্যমে সব সমস্যারই সমাধান সম্ভব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চান দুই দেশের মধ্যে যেন একটি চমৎকার সম্পর্ক বজায় থাকে। আমার ঢাকায় আসার অন্যতম মূল উদ্দেশ্যও এটিই।”

বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের ভৌগোলিক ও ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “ইতিহাস কিংবা প্রতিবেশী কখনো বদলানো যায় না। সাধারণ মানুষ চায় দুই দেশ একসাথে এগিয়ে যাক। এটি দুই দেশের জন্যই একটি ‘উইন-উইন’ বা পারস্পরিক লাভজনক পরিস্থিতি তৈরি করবে।”

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে সফরের পূর্বের আমন্ত্রণটি পুনরায় মনে করিয়ে দেওয়া হয়েছে জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, “দুই দেশের শীর্ষ নেতৃত্ব একসাথে আলোচনায় বসলে অমীমাংসিত অনেক সমস্যারই ইতিবাচক সমাধান সম্ভব হবে বলে আমি আশাবাদী।”

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সাক্ষাৎ বিষয়ে নিশ্চিত করে জানান, এটি ছিল একটি সৌজন্য বৈঠক। বৈঠকে উভয় দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। 

উক্ত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে বাংলাদেশে ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন দীনেশ ত্রিবেদী। দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশিদের জন্য স্থগিত থাকা পর্যটন (ট্যুরিস্ট) ভিসা পুনরায় চালু করার ঘোষণা দেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।