আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ
২৩ জুন, ২০২৬ ৪:২২ পিএম
শেয়ার করুন:
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না, তা সম্পূর্ণ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে দলটির কেউ যদি কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করে, তবে তা বেআইনি হিসেবে গণ্য হবে এবং সরকার তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।

জননিরাপত্তার স্বার্থে দেশের কিছু ঝুঁকিপূর্ণ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, “সেনাবাহিনী মোতায়েনের অর্থ এই নয় যে আওয়ামী লীগ বড় ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারবে। মাফিয়া, চোর ও লুটপাটকারীদের সেই নৈতিক সাহস থাকে না। বড় কিছু করার নৈতিক শক্তি তাদের নেই, তবে ছোটখাটো নাশকতার সক্ষমতা হয়তো তাদের থাকতে পারে।”

তিনি আরও মন্তব্য করেন, “সারা দেশের মানুষের যদি ‘ডিমেনশিয়া’ বা স্মৃতিভ্রম হয়, কেবল তখনই হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে, তার আগে নয়।”

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে বিএনপির অবস্থান কেমন হবে—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, এ বিষয়ে বিএনপি কী করবে তা দলটির কাছেই জানতে হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক একটি বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, “কদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগকে একটি ‘মাফিয়া দল’ হিসেবে অভিহিত করেছেন। আমি নিজে বহু বছর ধরে এই কথাটি বলে আসছি। রাষ্ট্র চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আওয়ামী লীগ নিষিদ্ধের আবেদন করতে পারে।”

তিনি আরও জানান, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে এবং এ নিয়ে আদালতে বিচার চলছে। যদি বিচারে সংগঠন হিসেবে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হয়, তবে আদালতই দলটিকে নিষিদ্ধ করার ব্যাপারে চূড়ান্ত রায় দেবেন। তথ্য উপদেষ্টা বলেন, “আইন ও আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। সভ্য দেশে আদালতের রায় আমাদের সবাইকে মেনে নিতে হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।