অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ: বোন হিসেবে এসেছি, পাশে থাকবো

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Feb 27, 2026 - 21:09
Feb 27, 2026 - 21:09
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ: বোন হিসেবে এসেছি, পাশে থাকবো

ফরিদপুরের সালথা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। ক্ষতিগ্রস্তদের হাতে মানবিক সহায়তা তুলে দিয়ে তিনি বলেন, আমি মন্ত্রী বা এমপি হিসেবে এখানে আসিনি। আপনাদের বোন ও সন্তান হিসেবে এসেছি। আপনাদের পাশে সবসময় থাকবো।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় পাঁচটি পরিবারের মাঝে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, এই দুর্ঘটনায় পাঁচটি পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে। তারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমার আরও আগে আসা উচিত ছিল। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা—এখানে কারও কোনো সংশ্লিষ্টতা নেই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা সরকারে থাকি বা না থাকি—জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই আমি আজ এখানে এসেছি। আজ প্রাথমিক সহায়তা দেওয়া হলো, ভবিষ্যতে আরও সহায়তার ব্যবস্থা করা হবে।

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনায় সহায়তার পরিমাণ আরও বৃদ্ধি করা প্রয়োজন, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। আপনারা ধৈর্য ধরুন, আল্লাহ তায়ালা আপনাদের সহায় হোন। ভয় পাওয়ার কিছু নেই—আমরা আছি।

ভারতীয় ভিসা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। ভারতের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। ভারতীয় হাইকমিশনারও এ বিষয়ে কথা বলেছেন। খুব দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে বলে আমরা আশাবাদী।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুরাদুর রহমান মুরাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে খোয়াড় গ্রামের মজিবুর মাতুব্বরের বাড়ির একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং চারটি বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow