সামাজিক মাধ্যমে অডিও ফাঁস: রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদকঃ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩১ পিএম
শেয়ার করুন:
সামাজিক মাধ্যমে অডিও ফাঁস: রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা রাকিবুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের নামে একটি কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে বর্তমান সরকার, সিভিল প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ছাড়াও পুলিশের বিভিন্ন পদে পদায়নকে কেন্দ্র করে অর্থ লেনদেনের অভিযোগের বিষয় উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করা হয়।

এর আগে অডিওটি প্রকাশ্যে আসার পর ১৭ সেপ্টেম্বর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসির পদ থেকে প্রত্যাহার (ক্লোজড) করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি ঘটনাটির সত্যতা যাচাই ও অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তবে শুরু থেকেই ভাইরাল হওয়া ওই অডিওর কণ্ঠটি নিজের নয় বলে দাবি করে আসছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।