ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৮

সরোয়ার হোসেন, ভাঙ্গা, ফরিদপুর প্রতিনিধিঃ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২০ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৮

ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদিসহ ডাকাত দলের সর্দারসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুজন মাতুব্বর (৩০), দেলোয়ার খন্দকার ওরফে দেলু (৪০), মো. মান্নান ওরফে মান্দার খাঁ (৫০), মো. মিরাজুল শেখ ওরফে মিরাজ (৩৮), মো. সোহাগ কাজী (২৭), মো. রকীব খান ওরফে রাজু (৩৪), আলমগীর মোল্লা (৩৫) ও হৃদয় খান (২৫)। তাদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মধ্যপাড়া হাসামদিয়া এলাকার আব্দুল মজিদ তালুকদারের বসতবাড়ির উত্তর পাশের একটি বাগান থেকে সংঘবদ্ধ চক্রটিকে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কয়েকটি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অধিকাংশেরই বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এর মধ্যে মো. মান্নান ওরফে মান্দার খাঁর বিরুদ্ধে ১৪টি, দেলোয়ার খন্দকার ওরফে দেলুর বিরুদ্ধে ৮টি, সুজন মাতুব্বরের বিরুদ্ধে ৭টি, মো. রকীব খান ওরফে রাজুর বিরুদ্ধে ২টি এবং মো. সোহাগ কাজী ও মো. মিরাজুল শেখের বিরুদ্ধে ১টি করে মামলা রয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।