বিজয়নগর সীমান্তে বিজিবির অভিযান: ১০ হাজার ৫৫৫ পিস ইয়াবা উদ্ধার

মোঃ শামীম মিয়া, বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩০ পিএম
শেয়ার করুন:
বিজয়নগর সীমান্তে বিজিবির অভিযান: ১০ হাজার ৫৫৫ পিস ইয়াবা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার ৫৫৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ মুকুন্দপুর বিওপির একটি দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০০৭/৪-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার চানপুর এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ভারত সীমান্ত পেরিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া প্যাকেটটি তল্লাশি করে কসটেপ দিয়ে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১০ হাজার ৫৫৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। 

বিজিবি আরও জানায়, উদ্ধার করা ইয়াবার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলো ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম চলছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।