ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ আটক ৩, ট্রাক জব্দ

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৭ পিএম
শেয়ার করুন:
ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ আটক ৩, ট্রাক জব্দ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৩ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবিসহ তিনজনকে আটক করেছে ভান্ডারিয়া থানা-পুলিশ। এ সময় মালামাল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমানুল্লাহ কলেজের সামনে ভান্ডারিয়া–কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কাকচিড়া (৮ নম্বর ওয়ার্ড) গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে বাকীবিল্লাহ শিকদার (৫৫), বরিশালের মুলাদী উপজেলার চর কালেক্যা গ্রামের সেলিম ব্যাপারীর ছেলে শামীম ব্যাপারী (৪৫) এবং শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কুলকিড়ি (৫ নম্বর ওয়ার্ড) গ্রামের বাচ্চু সরদারের ছেলে সিয়াম সরদার (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কাঠালিয়া থেকে একটি ট্রাকে করে ভারতীয় চোরাই পণ্যের বড় একটি চালান আসছে। এমন খবরের ভিত্তিতে ভান্ডারিয়া থানা-পুলিশ আমানুল্লাহ কলেজের সামনের পাকা সড়কে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন ট্রাকটি পৌঁছালে তল্লাশি চালিয়ে ভেতর থেকে আনুমানিক ১৩ লাখ ২৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকে থাকা তিনজনকে আটক এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, “ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে এসব শাড়ি ও পাঞ্জাবি আনা হয়েছিল। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।” চোরাচালান ও যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।