পরিচ্ছন্ন পিরোজপুর গড়তে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৯ পিএম
শেয়ার করুন:
পরিচ্ছন্ন পিরোজপুর গড়তে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পিরোজপুরকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। 

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। এতে জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় জেলার সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বর্তমান ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি দ্রুত অপসারণ, যত্রতত্র ফেলা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা তৈরিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “কেবল প্রশাসনের একার পক্ষে পুরো জেলাকে শতভাগ পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়; এজন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।” তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে চলমান পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার এবং তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন তিনি।

সভায় উপস্থিত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত পিরোজপুর গড়তে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।