মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি: ‘মানবাধিকার আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেলেন শিক্ষক জায়দুর রহমান খান

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২২ পিএম
শেয়ার করুন:
মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি: ‘মানবাধিকার আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেলেন শিক্ষক জায়দুর রহমান খান

সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মানবাধিকার আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন ফরিদপুরের সদরপুর উপজেলার লোহারটেক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জায়দুর রহমান খান।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। গত ২১ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৫টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের নতুন ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। 

পুরস্কারের সনদপত্রে সমাজসেবা ও আর্তমানবতার সেবায় মো. জায়দুর রহমান খানের অনন্য অবদানের ভূয়সী প্রশংসা করা হয় এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

মর্যাদাপূর্ণ এই সম্মাননা প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় মো. জায়দুর রহমান খান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এবং জুরি বোর্ডের সকল সদস্যের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, “আমার এই অর্জন আমি ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করলাম।” 

তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, “জীবনের শেষ দিন পর্যন্ত নিজের মেধা, প্রজ্ঞা ও সর্বোচ্চ শ্রম দিয়ে চরবিষ্ণুপুর ইউনিয়নের মানুষের সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।” একই সঙ্গে তিনি সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধিময় জীবন কামনা করেন।

উল্লেখ্য, মো. জায়দুর রহমান খান দীর্ঘদিন সফলতার সঙ্গে লোহারটেক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে তিনি সক্রিয়ভাবে যুক্ত। আন্তর্জাতিক পরিসরে তাঁর এই অর্জনে নিজ এলাকা চরবিষ্ণুপুরসহ গোটা সদরপুর উপজেলার সুধীমহল ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের আবহ বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।