এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি ‘স্কুল ফিডিং’ কর্মসূচির আওতায় বিতরণ করা ডিম খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে বমি করেছে। ডিম মুখে দিয়ে তীব্র তিতা স্বাদ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষকের তাৎক্ষণিক পদক্ষেপে বন্ধ করে দেওয়া হয় বিতরণ কার্যক্রম। এতে উপজেলার পাঁচটি বিদ্যালয়ের ৬৩৯ জন কোমলমতি শিক্ষার্থী অস্বাস্থ্যকর ডিম খাওয়া থেকে রক্ষা পেয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে চরভদ্রাসন উপজেলার ইউসুফ শিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে সমাবেশ (অ্যাসেম্বলি) শেষে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সিদ্ধ ডিম পরিবেশন করা হচ্ছিল। ডিম মুখে দেওয়ার পরপরই তীব্র তিতা স্বাদ পেয়ে দুই শিক্ষার্থী বমি করে ফেলে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে শিক্ষকরা ডিম মুখে দিয়ে দেখেন এবং এতে অস্বাভাবিক তিতা স্বাদ পান। কোনো ঝুঁকি না নিয়ে প্রধান শিক্ষিকা সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের ডিম খাওয়া বন্ধ করে দেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার বলেন, “দুই শিক্ষার্থী বমি করার পর আমরা নিজেরা ডিমের স্বাদ পরীক্ষা করে তীব্র তিতা পাই। বিষয়টি বুঝতে পেরেই শিক্ষার্থীদের ডিম খাওয়া থেকে বিরত রাখি। পরে শিক্ষা অফিসারকে বিষয়টি জানালে তিনিও বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেন।”
বিদ্যালয়ের শিক্ষার্থী মাফুজা জানায়, “দুইজন সহপাঠী ডিম খাওয়ার পরেই বমি করতে শুরু করে। এরপর শিক্ষকরা এসে আমাদের সবাইকে ডিম খেতে নিষেধ করেন।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্কুল ফিডিং কর্মসূচির সুপারভাইজার বশির উদ্দিন। তিনিও ডিমে তিতা স্বাদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সরবরাহকারীদের সঙ্গে কথা বলে জেনেছি, মুরগিকে কৃমিনাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাওয়ানো হলে কিছু ডিমে এ ধরনের তিতা স্বাদ হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
চরভদ্রাসন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) আজিজুর রহমান খান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে ডিম বিতরণ স্থগিত করা হয়েছে। বিদ্যালয়গুলো হলো—ইউসুফ শিকদারের ডাঙ্গী সপ্রাবি, হরিরামপুর সপ্রাবি, চরশালিপুর সপ্রাবি, আজিজ মো. আলী বেপারীর ডাঙ্গী সপ্রাবি এবং পদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব প্রতিষ্ঠানে মোট ৬৩৯টি সাদা ডিম সরবরাহ করা হয়েছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “ঘটনাটি জানার পরপরই ডিম সরবরাহের ওপর প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ডিমগুলো কেন তিতা ছিল তা যথাযথভাবে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ৯ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।