ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ব্যাটারিবোঝাই ট্রাকের ধাক্কা, আহত ৩

সরোয়ার হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৩ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ব্যাটারিবোঝাই ট্রাকের ধাক্কা, আহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে একটি ব্যাটারিবোঝাই ট্রাকের সজোরে ধাক্কা লেগেছে। এতে ট্রাকের চালক ও সহকারীসহ (হেলপার) অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। 

আজ (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—হবিগঞ্জ জেলার সোহেল মিয়ার ছেলে ট্রাকচালক রফিক (২৮) এবং একই জেলার আজিজ মিয়ার ছেলে হেলপার মমিন আলী (২৬)। এ ছাড়া দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ব্যাটারিবোঝাই ট্রাকটি এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনার তীব্রতায় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে খণ্ডবিখণ্ড হয়ে যায় এবং মালামালসহ সামনের অংশ ছিটকে প্রায় ২৫–৩০ ফুট দূরে গিয়ে আছড়ে পড়ে। এতে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। 

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চালক ও হেলপারের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসীর জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত যানটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।