নগরকান্দায় পরিত্যক্ত ভবনে রহস্যজনক পাট খালাস, সন্দেহে আটক ৪

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪৫ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় পরিত্যক্ত ভবনে রহস্যজনক পাট খালাস, সন্দেহে আটক ৪

ফরিদপুরের নগরকান্দায় সন্ধ্যার আঁধারে একটি পরিত্যক্ত ভবনে ট্রাকভর্তি বিপুল পরিমাণ পাট নামানোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাটের এই চালানটি চোরাই হতে পারে—এমন সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর গ্রামে সন্ধ্যার পর একটি ট্রাকে করে বিপুল পরিমাণ পাট নিয়ে আসা হয়। এরপর কয়েকজন শ্রমিকের সহায়তায় তড়িঘড়ি করে পাটগুলো একটি পরিত্যক্ত ভবনে খালাস করে মজুদ করা হচ্ছিল। অসময়ে নির্জন ও পরিত্যক্ত জায়গায় এভাবে পাট নামাতে দেখে স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহের সৃষ্টি হয়।

একপর্যায়ে গ্রামবাসী গিয়ে পাটের বৈধ কাগজপত্র ও চালানের প্রমাণ দেখতে চান। কিন্তু সেখানে উপস্থিত ব্যক্তিরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। বিষয়টি নিয়ে স্থানীয়দের তোপের মুখে সুযোগ বুঝে ট্রাকের চালক গাড়ি নিয়ে সটকে পড়েন। তবে ট্রাকে আসা ও সেখানে উপস্থিত চারজনকে স্থানীয়রা আটকে রেখে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক চারজনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। 

নগরকান্দা থানা পুলিশ জানিয়েছে, জব্দকৃত পাটের প্রকৃত উৎস, মালিকানা এবং বৈধ কাগজপত্র রয়েছে কি না—তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত এই পাটের চালানটি চোরাই কি না, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।