২০০ বছর পর বংশে কন্যাসন্তানের জন্ম, রাজকীয় আয়োজনে বরণ

অনলাইন ডেস্কঃ
৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০৯ পিএম
শেয়ার করুন:
২০০ বছর পর বংশে কন্যাসন্তানের জন্ম, রাজকীয় আয়োজনে বরণ

টানা পাঁচ প্রজন্ম বা দীর্ঘ প্রায় দুই শতক ধরে যে পরিবারে শুধুই পুত্রসন্তানের জন্ম হয়েছে, অবশেষে সেই বংশের আলো হয়ে জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। দীর্ঘ প্রতীক্ষার পর কন্যাসন্তানের আগমনে যেন আনন্দের বাঁধ ভেঙেছে পুরো পরিবারে। নবজাতককে বরণ করে নিতে আয়োজন করা হয় রূপকথার মতো এক রাজকীয় শোভাযাত্রা। 

ভারতের মহারাষ্ট্রের বীড জেলার পার্লি এলাকায় সম্প্রতি ঘটেছে এই ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী ঘটনা। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পার্লির বাসিন্দা ঋষিকেশ দহিফালে ও তাঁর স্ত্রী কল্পনা দহিফালের কোলজুড়ে জন্ম নেয় এক ফুটফুটে কন্যাসন্তান। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর নবজাতক ‘গার্গী’ ও তার মাকে বরণ করে নিতে কোনো কমতি রাখেনি দহিফালে পরিবার। 

শিশুটিকে ঘরে তুলতে বাহারি ফুলে সাজানো হয় একটি রাজকীয় রথ। ঢাক, ঢোল ও করতালের তালে তালে গান-বাজনা বাজিয়ে মা ও শিশুকে রথে চড়িয়ে পুরো এলাকা ঘোরানো হয়। এরপর পরম ভালোবাসায় বরণ করে ঘরে তোলা হয় তাদের। স্থানীয় বাসিন্দারাও আনন্দ ও উচ্ছ্বাসের সাথে পরিবারটির এই ঐতিহাসিক মুহূর্তে শামিল হন।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ ২০০ বছরের ইতিহাসে দহিফালে পরিবারে কোনো কন্যাসন্তানের জন্ম হয়নি। ফলে নাতনিকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দাদা লিম্বাজি দহিফালে। তিনি বলেন, “পরিবারে কন্যাসন্তানের আগমন অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এত দিন আমাদের পরিবারে কন্যা না থাকার যে আক্ষেপ ছিল, আজ তা পরিপূর্ণ হলো।” অন্যদিকে, শিশুটিকে ‘ঘরের লক্ষ্মী’ আখ্যা দিয়ে আনন্দে ভাসছেন দাদি সুরেশা দহিফালেও।

নবজাতকের বাবা ঋষিকেশ দহিফালে তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “আমাদের সমাজে সাধারণত কন্যাসন্তানের চেয়ে পুত্রসন্তানের প্রতি আগ্রহ বেশি দেখা যায়। তবে কন্যাসন্তান পাওয়ার আনন্দ ও অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। কন্যারা বাবার সবচেয়ে প্রিয় ও অনুরক্ত হয়। আমরা আমাদের মেয়েকে কোনো রাজকন্যার চেয়ে কম যত্নে বড় করব না।”

কন্যাসন্তানের জন্মকে উৎসবের রূপ দিয়ে পরিবারটি যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।