স্বর্ণের বারের প্রলোভন ও চেতনানাশক দিয়ে ছিনতাই: আগৈলঝাড়ায় আটক ১

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৬ পিএম
শেয়ার করুন:
স্বর্ণের বারের প্রলোভন ও চেতনানাশক দিয়ে ছিনতাই: আগৈলঝাড়ায় আটক ১

বরিশালের আগৈলঝাড়ায় স্বর্ণের বারের প্রলোভন দেখিয়ে এবং ‘শয়তানের নিঃশ্বাস’ (ডেভিলস ব্রেথ) নামে পরিচিত রাসায়নিক বা চেতনানাশক প্রয়োগ করে এক নারীর স্বর্ণের চেইন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় সোহেল নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তবে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে তার সহযোগী বাবলু।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুল্লশ্রী এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী আজ দুপুরে বাবার বাড়ি উজিরপুর থেকে শ্বশুরবাড়ি গোপালগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুল্লশ্রী এলাকায় পৌঁছালে সোহেল ও তার সহযোগী বাবলু তার পথরোধ করে। এ সময় তারা ওই নারীকে কম দামে স্বর্ণের বার পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায়। কথাবার্তার একপর্যায়ে স্বর্ণের বার দেখানোর ছলে সেটি ওই নারীর নাকের কাছে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, তখন বিশেষ কোনো রাসায়নিক বা চেতনানাশক প্রয়োগ করে মুহূর্তেই ওই নারীকে অপ্রকৃতিস্থ ও কাবু করে ফেলা হয়। 

পরবর্তীতে ওই নারী অচেতনপ্রায় হয়ে পড়লে সুযোগ বুঝে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগে থাকা নগদ ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রতারক চক্রের সদস্যরা। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা চারদিক থেকে ধাওয়া দিয়ে সোহেলকে আটক করতে পারলেও অপর সহযোগী বাবলু দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খানের নির্দেশে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ ভুক্তভোগী নারী ও আটক সোহেলকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। গৌরনদী, আগৈলঝাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় একই কায়দায় কোনো চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, “ঘটনার সঙ্গে জড়িত পলাতক বাবলুকে গ্রেফতারের অভিযান চলছে। আটক সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না তা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

একই সঙ্গে তিনি অপরিচিত ব্যক্তিদের স্বর্ণ বা লোভনীয় কোনো জিনিসের প্রলোভনে কান না দেওয়া এবং পথচলাচলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।