কাপ্তাইয়ে ২৮ লাখ নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটক, সিএনজি জব্দ

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৫ পিএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে ২৮ লাখ নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটক, সিএনজি জব্দ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নগদ ২৮ লাখ ৪৫ হাজার টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪১ বিজিবি)। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কাপ্তাই ব্যাটালিয়নের ১ নম্বর জিপি গেইট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন— রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি এলাকার উছিলা মারমার ছেলে নিঠু মারমা (৩৩) এবং একই জেলার নাওভাঙা এলাকার সুনীল চাকমার ছেলে সুপ্রিয় চাকমা (২০)।

বিজিবি সূত্রে জানা যায়, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্-এর দিকনির্দেশনায় এবং হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে নগদ ২৮ লাখ ৪৫ হাজার টাকা, তাদের ব্যক্তিগত নগদ ২ হাজার ৯৬০ টাকা, ১টি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪), ১টি স্মার্টফোন, ১টি বাটন ফোন এবং ২টি সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামাল ও গাড়ির মোট আনুমানিক সিজার মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা।

বিজিবি আরও জানায়, আটককৃত ব্যক্তি, জব্দকৃত নগদ অর্থ ও অন্যান্য আলামত কাপ্তাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

এ বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ, মাদকের অবৈধ প্রবেশ রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে ৪১ বিজিবি সর্বদা তৎপর রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।