ডাসারে ডিবি পুলিশের অভিযান: ৩০০ পিস ইয়াবাসহ যুবক আটক

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৪ পিএম
শেয়ার করুন:
ডাসারে ডিবি পুলিশের অভিযান: ৩০০ পিস ইয়াবাসহ যুবক আটক

মাদারীপুরের ডাসার উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন ভুঁইয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে ডাসার থানাধীন দক্ষিণ ধুয়াসার এলাকার পাথুরিয়ার পাড় গ্রামীণ টাওয়ার সংলগ্ন পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক হোসেন ভুঁইয়া একই থানার পূর্ব মাইজপাড়া এলাকার বাবুল ভুঁইয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. ফজলে এলাহীর সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মাদক উদ্ধারে ডাসার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে হোসেন ভুঁইয়াকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদারীপুরকে অপরাধমুক্ত রাখতে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।