কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিনের তীব্র সংকট, রোগীদের চরম ভোগান্তি

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
২ অক্টোবর, ২০২৬ ৩:৫৫ পিএম
শেয়ার করুন:
কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিনের তীব্র সংকট, রোগীদের চরম ভোগান্তি

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড়ে বা আঁচড়ে আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় জলাতঙ্কের (অ্যান্টি-র‍্যাবিস) ভ্যাকসিনের চরম সংকট দেখা দিয়েছে। গত দুই সপ্তাহ ধরে হাসপাতালটিতে কোনো ভ্যাকসিন সরবরাহ না থাকায় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হওয়ায় কুকুর বা বিড়ালের কামড় ও আঁচড়ের পর যত দ্রুত সম্ভব প্রতিষেধক টিকা নেওয়া জরুরি। কিন্তু কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই সপ্তাহ ধরে ভ্যাকসিন সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা সেবা না পেয়ে খালি হাতে ফিরছেন। অনেকে বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে অতিরিক্ত মূল্যে ভ্যাকসিন সংগ্রহ করছেন, যা দরিদ্র ও সাধারণ পরিবারের জন্য বাড়তি আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি বিড়ালের আঁচড়ে আক্রান্ত সন্তানকে নিয়ে হাসপাতালে আসা এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “জরুরি চিকিৎসার আশায় সন্তানকে সরকারি হাসপাতালে নিয়ে এসেছিলাম। কিন্তু এসে শুনি কোনো ভ্যাকসিন নেই। সরকারি হাসপাতালে এমন প্রয়োজনীয় ওষুধের সংকট থাকলে সাধারণ মানুষ কোথায় যাবে?”

জরুরি বিভাগে কর্মরত এক চিকিৎসক সংকটের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গত দুই সপ্তাহ ধরে হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিনের সরবরাহ নেই। ফলে প্রতিদিন যেসব রোগী প্রাণীর কামড় বা আঁচড় নিয়ে আসছেন, তাদের যথাযথ চিকিৎসা দিতে আমাদের বেশ সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

এদিকে, জীবন রক্ষাকারী এই ভ্যাকসিনের সংকট দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, গ্রামাঞ্চলে প্রায়ই কুকুর ও বিড়ালের উপদ্রব দেখা যায়। এমন পরিস্থিতিতে হাসপাতালে ভ্যাকসিন না থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং জলাতঙ্কের ঝুঁকি এড়াতে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবিলম্বে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।