এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জেরে মো. এছাহাক সরদার (৭৫) নামে এক বৃদ্ধের দুই পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার রেশ ধরে পরদিন শনিবার সকালে আহত বৃদ্ধের বাড়ি লক্ষ্য করে অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ ও দুটি বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। দফায় দফায় এমন হামলার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কালকিনি পৌরসভার উত্তর জনারদন্দী গ্রামের নশাই সরদারের ছেলে বৃদ্ধ এছাহাক সরদারের সঙ্গে একই এলাকার ঝালু মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাত ১১টার দিকে এছাহাক সরদার বাড়ির পাশের দোকান থেকে একা বাড়ি ফিরছিলেন। পথে ওৎ পেতে থাকা ঝালু মোল্লার নেতৃত্বে তুহিন মোল্লা, পারভেজ মোল্লা, রবিউল মোল্লা ও লিমন মোল্লাসহ বেশ কয়েকজন তাঁর গতিরোধ করে। একপর্যায়ে হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং দুই পায়ের রগ কেটে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনার পরদিন শনিবার সকালে ঝালু মোল্লা ও দেলোয়ার হাওলাদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত পুনরায় আহত বৃদ্ধের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশতাধিক বোমার বিস্ফোরণ ঘটায় এবং দুটি বসতঘর ভাঙচুর করে। এ সময় তাদের বাধা দিতে গেলে জাহিদ খান (২৫), রাজিব সরদার (২৫) ও নাজমুল বেপারী (২৩) নামের তিন যুবক আহত হন। পরে তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
আহতের স্বজন ইসমাইল অভিযোগ করে বলেন, "পূর্ব শত্রুতার জেরেই ঝালু ও তার লোকজন এছাহাক সরদারকে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দিয়েছে। তারা এখানেই ক্ষান্ত হয়নি, পরদিন সকালে বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং অর্ধশতাধিক বোমা ফাটিয়েছে। আমরা এই বর্বরোচিত হামলার দৃষ্টান্তমূলক বিচার চাই।"
ঘটনার পর থেকে অভিযুক্ত ঝালু মোল্লা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় এবং তাঁর মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুনরায় সহিংসতা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, বৃদ্ধের ওপর হামলা এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নভেম্বর ১৪, ২০২৫
সেপ্টেম্বর ১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ২৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৩ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২২ আগস্ট, ২০২৬
মাগুরা | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।